সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কূটনীতিকদের সাক্ষাত চাওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেছেন, অভ্যন্তরীণ কোনও বিষয়ে কূটনীতিকদের অন্যায় হস্তক্ষেপের চেষ্টা মানা হবে না। এছাড়াও আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে নানা কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বিকাল ৪টায় রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এসব মন্তব্য করেন মেনন। দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে এত কথা বলছে। তারা জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে।
সার্চ কমিটি নিয়ে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ দেখানোর বিষয়ে বিরক্ত প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের দেশের নির্বাচন সম্পর্কে বাইরের কোনও হস্তক্ষেপ তারা যে গ্রহণ করে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ার কথিত হস্তক্ষেপ সম্পর্কে বিতর্ক তার প্রমাণ। আর বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে অভ্যন্তরীণ ব্যাপারে অন্যের অন্যায় হস্তক্ষেপ মেনে নেবে।’
ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহানগর কমিটির সভায় পুনর্বাসনের কোনও ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদের নিন্দা করা হয় এবং এ ব্যাপারে হকারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। সভা একই সঙ্গে হেফাজতের সুপারিশ মেনে পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকরণেরও তীব্র নিন্দা জানানো হয়। সভায় পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
/টিএন/








