নতুন নির্বাচন কমিশনের জন্য সদস্য খোঁজার দায়িত্ব পাওয়া সার্চ কমিটি আজই রাষ্ট্রপতির কাছে তাদের সংক্ষিপ্ত তালিকাটি তুলে দিতে পারেন। তবে এর আগে শেষবারের পর্যালোচনার জন্য তারা বিকাল চারটায় বৈঠকে বসেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম আহ্ববান করার পর সেখান থেকে প্রাথমিকভাবে ২০টি নাম বেছে নিয়ে সংক্ষিপ্ত যে প্রাথমিক তালিকাটি করেছিলেন এ কমিটি, বিস্তারিত বিশ্লেষণের পর সে তালিকা এখন দাঁড়িয়েছে ১০ জনে। আজ বিকালের বৈঠকে তা চূড়ান্ত করে সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির হাতে তা তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির আহ্বায়ক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ বৈঠকে তাদের তৈরি করা ১০ জন সম্ভাব্য যোগ্য ব্যক্তির নামের তালিকা নিয়ে আবারও পর্যালোচনা করবেন সদস্যরা।
প্রসঙ্গত: নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর তাদের পরামর্শ অনুযায়ী সম্ভাব্য নির্বাচন কমিশনারদের নাম খুঁজতে গত ২৫ জানুয়ারি ৬ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান করে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয় হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি শিরীণ আখতারকে। এ কমিটি প্রথম বৈঠকে বসে গত ২৮ জানুয়ারি। সরকারি প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার হিসেবে সম্ভাব্য যোগ্য ব্যক্তিদের নামের তালিকা করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয় ১০টি কার্যদিবস। এ অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি তাদের মেয়াদ শেষ হওয়ার কথা।
সূত্র মতে, দশ কার্যদিবসের আগেই অর্পিত দায়িত্ব শেষ করে চলে যেতে চান সার্চ কমিটির সদস্যরা। এরই অংশ হিসাবে আজকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সার্চ কমিটির সদস্যরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, সার্চ কমিটি বিকাল ৫টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠক করবেন। তারপর রাষ্ট্রপতির সঙ্গে তাদের দেখা করার কথা রয়েছে।
সার্চ কমিটি ২৮ জানুয়ারির প্রথম বৈঠকে কর্মপরিকল্পনা নির্ধারণ করে। এরপর দুই ধাপে ১৬ জন বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ শোনেন। এরপর রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিশনার হিসেবে যোগ্য ব্যক্তিদের নাম আহ্ববান করে সার্চ কমিটি। দলগুলোও নাম প্রস্তাব করে। সেখান থেকে প্রথমে ২০ জনের ও পরে তা কমিয়ে ১০ জনের তালিকা করে সার্চ কমিটি।
সূত্র জানায়, আজ আবারও তালিকাটি পর্যবেক্ষণের পর তা রাষ্ট্রপতির হাতে তুলে দিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবে সার্চ কমিটি। একইসঙ্গে ১০ জনের নামের তালিকা প্রকাশের জন্যও রাষ্ট্রপতিকে অনুরোধ জানাবেন তারা।
জানাগেছে, বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে উঠে আসা পরামর্শের সংক্ষিপ্তসারও সোমবারের বৈঠকে রাষ্ট্রপতির কাছে জমা দেবেন ওই কমিটি।
সূত্রগুলো আরও জানিয়েছে, যেসব প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠনের জন্যে তারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের বাছাই করেছেন সেই প্রক্রিয়াও সার্চ কমিটি রাষ্ট্রপতিকে অবহিত করবেন। বেশ কিছু যুক্তি তুলে ধরে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির জোর সুপারিশ থাকবে তাদের বাছাই করা ১০টি নাম নির্বাচন কমিশন গঠনের আগে সম্ভব হলে যাতে প্রকাশ করা হয়।
কারণ, বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠকের পরে বিশেষ করে বাছাই করা নামগুলো জনসমক্ষে প্রকাশের দাবি উঠে।
/পিএইচসি/টিএন/








