পদ্মা সেতুর দুর্নীতির মিথ্যা অভিযোগে বিশ্বব্যাংকের জবাব প্রত্যাশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের জবাবের অপেক্ষায় আছি। দেখি এখন তারা কী বলে।’ সোমবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ ইনস্টিউট মিলনায়তনে ‘কৃষিবিদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ সরকারের জন্য অপমান ও অসম্মানের ছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব ব্যাংকের দুর্নীতির অভিযোগে আমরা হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। অনেকে টিটকিরি করেছেন, বিদ্রূপ করেছেন। কিছু কিছু পত্রিকা সমালোচনা করেছে। টিভিতে সুশীলদের কথাও বাদ যায়নি।’
কানাডার আদালতের রায়ের প্রসঙ্গ টেনে সেতুমন্ত্রী বলেন, ‘আজ প্রমাণিত হয়েছে, সেই পদ্মা সেতু স্বচ্ছতার মধ্য দিয়ে শুরু হয়েছিল। ২০১৮ সালের শেষের দিকে একই রকম স্বচ্ছতার মধ্য দিয়ে শেষ হবে।’
প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জের কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সারাবিশ্বের কাছে এখন সম্মান নিয়ে ফিরেছে। প্রমাণিত হয়েছে বাঙালি চোরের জাতি নয়, বীরের জাতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ইনস্টিটিউটের সভাপতি এ এম এম সালেহ। এতে আরও বক্তব্য রাখেন কৃষিবিদ ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।
/ইএইচএস/ এমএনএইচ/







