বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার সুযোগ বাড়াতে চায় ফ্রান্স। এ জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে জমি নিয়ে হাইরাইজ ভবন নির্মাণের মাধ্যমে অধিকসংখ্যক শিক্ষার্থী ভর্তি এবং সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো সম্ভব। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে সচিবালয়ে তার দফতরে বুধবার সাক্ষাৎ করে এমন আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফিয়ে অ্যাবার্ট।
বুধবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে ফরাসি রাষ্ট্রদূত বলেছে, ‘৩৫ বছর ধরে চট্টগ্রামে আলিয়ান্স ফ্রাঁসেস ফরাসি ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতি বছর প্রায় দুই হাজার শিক্ষার্থী এখানে ফরাসি ভাষা শিক্ষা গ্রহণ করছে। ভর্তি হতে আগ্রহী আরও শিক্ষার্থী রয়েছে। কিন্তু স্থান সংকুলান না হওয়ায় ভর্তি করা সম্ভব হয় না। চট্টগ্রামেই প্রতি বছর প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর চাহিদা রয়েছে ।’
তিনি বলেন, ‘বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ফ্রান্স গুরুত্ব দিয়ে বিবেচনা করে।এ কারণে ভাষা শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।নিজস্ব জমি থাকলে সুউচ্চ ভবন নির্মাণ করে অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা এবং সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো সম্ভব হবে।ইতোমধ্যে একটি পরিত্যক্ত সম্পত্তির বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’ এ বিষয়ে রাষ্ট্রদূত গণপূর্ত মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
গণপূর্ত মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের বিপুল জনশক্তি প্রবাসে কাজ করেন।তাই বিদেশি ভাষা শিক্ষাকে বাংলাদেশ গুরুত্ব দিয়ে থাকে। ফ্রান্সের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের নাগরিকরা দারুণভাবে উপভোগ করে। ফরাসি ভাষা শিক্ষা ও সংস্কৃতির প্রতি এদেশের মানুষ দারুণ আগ্রহী এবং আলিয়ান্স ফ্রাঁসেস এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ‘
মন্ত্রী আলিয়ান্স ফ্রাঁসেসের কার্যক্রম সম্প্রসারণের জন্য নিজস্ব ভবন নির্মাণের লক্ষ্যে জমি লিজ গ্রহণে সহযোগিতার আশ্বাস দেন এবং যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, আলিয়ান্স ফ্রাঁসেস চট্টগ্রামের পরিচালক রাফায়েল জায়েগের ও আলিয়ান্স ফ্রাঁসেস চট্টগ্রামের ফার্স্ট ডেপুটি ডাইরেক্টর ড. গুরুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন।
/ওএফ/ এপিএইচ/
আরও পড়ুন: সীতাকুণ্ডে আরও এক ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, দম্পতি আটক








