চট্টগ্রাম বন্দরে কোকেন আটকের ঘটনায় দায়েরকৃত মামলায় খান জাহান আলী গ্রুপের চেয়ারম্যান নূর মোহাম্মদের জামিন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে কারাগারেই থাকতে হচ্ছে তাকে। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ নূর মোহাম্মদের জামিন খারিজ করে দেন। পরে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিলে আবেদন করেন নূর মোহাম্মদ।
আদালতে নূর মোহাম্মদের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
কোকেন সন্দেহে ২০১৫ সালের ৬ জুন রাতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে ২৭ জুন শুল্ক গোয়েন্দা অধিদফতর জানায়, কেমিক্যাল পরীক্ষায় একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া গেছে।
/এমটি/ইউআই/এসটি/







