ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় মৈত্রী ট্রেনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মো. মুজিবুল হক। আজ শুক্রবার সকালে রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে এ ট্রেনের উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, এটি দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নববর্ষের উপহার।
তিনি বলেন, ‘আজ বিশেষ দিনে যাত্রীদের জন্য আরও একটি আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনটি চালু করা হলো। রেল খাত এগিয়ে চলেছে, নতুন নতুন কোচ ও ইঞ্জিন আনা হচ্ছে। এর ফলে যাত্রীরা আরও উন্নত সেবা পাচ্ছে।’
রেলমন্ত্রী আরও বলেন, ‘রেল খাতে আরও অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সব প্রকল্প বাস্তবায়িত হলে রেলখাতের আমুল পরিবর্তন হবে।’
প্রসঙ্গত, ২০০৮ সাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ট্রেন চলাচল করছে। আগে নন এসি ট্রেন চলাচল করতো। আজ থেকে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচল করবে। এর আসন সংখ্যা ৪৫৩। ১০টি কোচ দিয়ে সপ্তাহে ৬ দিন চলাচল করবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।
এ অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসস।
ছবি: ফোকাস বাংলা।
/এসটি/








