জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো অভিযান নিয়ে যদি কোনও প্রশ্ন থাকে তাহলে পুলিশের কাছে এসেই উত্তর জেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘কিছু রাজনৈতিক নেতা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখে পুলিশের জঙ্গিবাদবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। বুঝে বা না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠনের এ জাতীয় বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে।’
জঙ্গিবাদ মোকাবিলায় গোটা জাতি ঐক্যবদ্ধ উল্লেখ করে আইজিপি এ ধরণের জ্ঞানহীন, মনগড়া, অলীক ও অসত্য বক্তব্য পরিহার করার জন্য তাদের প্রতি অনুরোধও জানান।
জঙ্গিদের বিরুদ্ধে চালানো প্রতিটি অভিযানে পুলিশ সফল দাবি করে শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদবিরোধী লড়াই আর দশটি প্রথাগত অপরাধীদের বিরুদ্ধে চালানো লড়াই থেকে ভিন্নতর। আমরা জঙ্গিদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করে যাচ্ছি। যারা জঙ্গিদের আশ্রয়-প্রশয় দিচ্ছেন তাদের চিহ্নিত করা হচ্ছে। সময়মতো তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পুলিশ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে সিলেটে জঙ্গিবাদবিরোধী অভিযানের সময় নিহত দুই পুলিশ কর্মকর্তা চৌধুরী মো. আবু কয়সর ও মো. মনিরুল ইসলামের স্বজনদের হাতে আর্থিক অনুদান প্রদান করা হয়।
দুই পুলিশ সদস্যদের পরিবারকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ২০ লাখ করে ৪০ লাখ এবং সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ৪ লাখ করে ৮ লাখ টাকার অনুদান দেওয়া হয়। এ সময় নিহত পুলিশ কর্মকর্তাদের স্বজনদের সম্মাননাও দেওয়া হয়। পুলিশ সবসময় তাদের পাশে থাকবে বলেও উল্লেখ করেন আইজিপি।
/জেইউ/এমও/








