মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার কাজ শুরু হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়রুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য হাজিরের জন্য ১২ জুন দিন ধার্য করেছন ট্রাইব্যুনাল।
এ মামলার আসামিরা হলেন, শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুর রহমান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।
ছয় আসামির মধ্যে ২০১৫ সালের ১২ আগস্ট গ্রেফতার হয়ে কারাগারে আছেন আব্দুর রহমান। বাকি পাঁচজন পলাতক। গত বছরের ২২ মে ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।
এর আগে ২০১৬ সালের ১৬ মার্চ তাদের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়। এর মধ্যে আটজন নিরীহ মানুষকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে।
২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত আসামিদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।
/এমটি/ইউআই/এসটি/








