উত্তরাঞ্চলে সংকট, দক্ষিণাঞ্চলে চাহিদা কম অগ্রিম টিকিটের

মেহেদী তারেক
১৪ জুন ২০১৭, ১৬:৪৪আপডেট : ১৪ জুন ২০১৭, ১৬:৪৪

পর্বত সিনেমা হলের পাশে হানিফ কাউন্টার আসন্ন ঈদুল ফিতরের অগ্রিম টিকিটের বিক্রি শুরু হয়েছে সোমবার (১২ জুন) সকাল থেকেই। তবে যাত্রীরা তাদের পছন্দমতো দিনের টিকিট সংগ্রহ করতে পারছেন না। এরই মধ্যে শেষ হয়ে গেছে দেশের উত্তরাঞ্চলগামী বাসের ২২ জুনের টিকিট। এর পরের দুই দিনের টিকিট সংগ্রহ করতেও ভুগতে হচ্ছে যাত্রীদের। দেশের উত্তরাঞ্চলের যাত্রীদের এই দুর্ভোগের বিপরীতে অগ্রিম টিকিটের চাহিদা নেই চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের। এদিকে, বড় বড় বাস কোম্পানির টিকিট না পাওয়া গেলেও আগাম টিকিট বিক্রিই শুরু করেনি অপেক্ষাকৃত ছোট বাস সার্ভিসগুলো। এদের অধিকাংশই যাত্রী ভর্তি হওয়া সাপেক্ষে বাস ছাড়ার নীতি নিয়ে রেখেছে।

সোমবার থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও বৃষ্টির কারণে অনেকেই তা সংগ্রহ করতে পারেননি। কিন্তু, পরদিন মঙ্গলবার (১৩ জুন) কাউন্টারে গিয়ে আর তারা পাননি কাঙ্ক্ষিত দিনের টিকিট। গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড ঘুরে এই চিত্র দেখা যায়। এমনই পরিস্থিতির শিকার বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আব্দুল ওয়াদুদ। কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি মঙ্গলবার টিকিট কাটতে আসেন গাবতলী হানিফ এন্টারপ্রাইজের উত্তরাঞ্চলের কাউন্টারে। তাকে জানানো হয় ২২ ও ২৩ তারিখের টিকিট নেই। তিনি বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে বলেন, ‘শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টার থেকেও ঘুরে এসেছি। সেখানেও ২২ তারিখের টিকিট পাইনি। এখন বাধ্য হয়ে ডিপজল পরিবহনের ২৪ তারিখের টিকিট কাটতে হচ্ছে।’

কল্যাণপুরে বাস কাউন্টার মঙ্গলবার সকাল থেকে রাজশাহীগামী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজে ঘুরে কোথাও কোনও টিকিট সংগ্রহ না করতে পেরে একটি বেসরকারি সংস্থায় কর্মরত রবিউল আলম বলেন, ‘টিকিট কাটতে প্রতিবছর যে হেনস্তা হতে হয়, তাতে প্রতিবারই ভাবি বাড়ি যাব না। কিন্তু প্রাণের টানে যেতে হয়।’ তিনি আরও বলেন, ‘ঈদের সময় টেলিফোনে টিকিট বুকিং দেওয়ার নিয়ম নাই। কিন্তু অবাক হবেন টেলিফোনে বা পরিচিতদের মাধ্যমেই বেশিরভাগ টিকিট চলে যায়। চোখের সামনে দুই দিন ধরে দেখছি, লোকজন আসছে বুকিং দেওয়া টিকিট নিয়ে চলে যাচ্ছে। এসব অনিয়ম বন্ধ না হলে আমাদের ভোগান্তি কমবে না।’

ডিপজল পরিবহনের বেশিরভাগই উত্তরাঞ্চলের বাস। এই পরিবহনের পর্বত কাউন্টারের মোস্তফা মাসুম বলেন, ‘আমাদের ২২ ও ২৩ তারিখের সব টিকিট শেষ। এখন ২৪ তারিখের কিছু টিকিট বাকি আছে।’ হানিফ এন্টারপ্রাইজের উত্তরাঞ্চলের কাউন্টার থেকে জানানো হয়, সোমবারই তাদের ২২, ২৩ ও ২৪ তারিখের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। এখন কেবল বিক্রি হচ্ছে ২০, ২১ ও ২৫ তারিখের টিকিট।

কাঙ্ক্ষিত দিনের টিকিট পাওয়া ছাড়াও টিকিট পরিবর্তন নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জিনাত আলম শ্যামলী পরিবহনের কল্যাণপুর কাউন্টারে এসেছেন ২০ তারিখের টিকেট পরিবর্তন করে ২১ তারিখে নেওয়ার জন্য। কিন্তু কাউন্টার থেকে তার টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কাউন্টার থেকে তাকে জানানো হয়েছে ২১, ২২, ২৩ ও ২৪ তারিখের রাতের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

গাবতলী বাস কাউন্টার এদিকে, বড় এবং স্বনামধন্য বাস কোম্পানিগুলোর অগ্রিম টিকিট বিক্রি শেষ হয়ে গেলেও এখনও সেইভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি ছোট বাস সার্ভিসগুলো। এদের মধ্যে কেউ কেউ অগ্রিম বিক্রি শুরু করলেও অধিকাংশই যখন যাত্রী আসবে তখন বাস ছাড়া হবে—এই নীতি অনুসরণ করছেন। খালেক এন্টারপ্রাইজের গাবতলী কাউন্টারে এক কর্মকর্তা বলেন, ‘আমরা লোকাল সার্ভিস। চান রাতের আগের দিনও আমাদের গাড়িতে করে যাওয়া যাবে।’ এফ কে সুপারের কল্যাণপুর কাউন্টার থেকে থেকে রনি বলেন, ‘আমাদের তো ছোট কোম্পানি। বড় কোম্পানিতে আগে চাপ থাকে। যাত্রীরা ওইসব বাসে সিট না পেলে আমাদের কাছে আসেন।’

উত্তরাঞ্চলগামী যাত্রীদের অগ্রিম টিকিটের হাহাকার থাকলেও এর বিপরীত চিত্র চট্টগ্রাম, সিলেট ও বরিশাল অঞ্চলের যাত্রীদের। এসব অঞ্চলে চলাচলকারী বাস কাউন্টারের কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, তাদের সব রানিং বাস, অগ্রিম টিকিট নেই। সোনারতরী পরিবহনের হারুন আলমগীর বলেন, ‘আমাদের কাছে বরিশাল অঞ্চলের পর্যাপ্ত টিকিট রয়েছে। এই রুটে কেউ অগ্রিম টিকিট নেয় না।’ লঞ্চে যাতায়াতের কারণে এই অঞ্চলের বাসের ওপর চাপ কম বলেই মনে করেন তিনি।

সোহাগ পরিবহনের কর্মী মো. আবীর বলেন, ‘চট্টগ্রামের যাত্রীদের চাপ সারাবছরই সমান। ঈদের সময়ও বাড়তি চাপ থাকে না বললেই চলে।’ বরিশালগামী সুরভী পরিবহন থেকে জানানো হয়, তাদের অনলাইনে ও কাউন্টারে সরাসরি অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে। তবে অগ্রিম টিকিটের চাহিদা নেই। শ্যামলী পরিবহনের সিলেট ও চট্টগ্রামের কাউন্টার থেকেও জানানো হয় একই ধরনের কথা। এই পরিবহনের কর্মী শরিফ হোসেন বলেন, ‘সিলেট, চট্টগ্রামের রাস্তা অনেক ভালো। গাড়ির সংখ্যাও বেশি বলে টিকিটের ঘাটতি নেই। এ কারণেই এসব রুটে কেউ অগ্রিম টিকিট নেয় না।’

/এমটি/ইউআই/টিআর/টিএন/আপ-এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম