বিচারপতি আনোয়ারুল হকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানান। রাজধানীর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানাজায় উপস্থিত ছিলেন, সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরসহ উভয় বিভাগের বিচারপতি এবং জ্যেষ্ঠ আইনজীবীরা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাও শ্রদ্ধা জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারুল হকের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬১ বছর। হাইকোর্ট বিভাগের এই বিচারপতি ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ২০১৫ সালে ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করার পর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্বে আসেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি নিয়ে ১৯৮০ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেছিলেন আনোয়ারুল হক। ১৯৮১ সালে তিনি মুন্সেফ হিসেবে বিচারক জীবন শুরু করেন তিনি। ২০১০ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে কাজ শুরু করেন তিনি,দুই বছর পর স্থায়ী হন।
/এমটি/এসটি/








