
নেপাল থেকে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করার বিষয়ে সম্মত হয়েছে দিল্লি। রবিবার (২২ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ‘জয়েন্ট কনসালটেটিভ কমিশন’-এর চতুর্থ বৈঠকে বাংলাদেশের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নেপালের জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানিতে সহায়তা করার জন্য ভারত সম্মত হয়েছে।’ এছাড়াও বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ সহযোগিতা সমঝোতা স্মারক অতি দ্রুত স্বাক্ষরিত হবে বলেও জানান তিনি।
বর্তমানে ভারত থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ এবং এর সঙ্গে আরও ৩৪০ মেগাওয়াট বিদ্যুৎ কুমিল্লা গ্রিডের মাধ্যমে ত্রিপুরা থেকে আমদানি করার বিষয়ে সম্মত হয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার বক্তব্যে বলেন, ‘ভারত এখন বাংলাদেশে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করছে এবং ভবিষ্যতে এটি তিনগুণ না হলেও দ্বিগুণ করা হবে।’
তিনি বলেন, শিলিগুড়ি থেকে পার্বতীপুর পর্যন্ত তেলের পাইপলাইন তৈরি করা হবে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের উপকারের জন্য। এছাড়া এলএনজি টার্মিনাল নির্মাণ, পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ এবং তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য বিনিয়োগের বিষয়গুলোও আমাদের বিবেচনায় আছে।








