ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ‘মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে চেয়েছিল। কিন্তু জাতীয় চার নেতার দৃঢ়তার কারণে তারা স্বাধীনতার সূর্যকে অস্তমিত করতে পারেনি।’
শুক্রবার (৩ নভেম্বর) সকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভূমিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময় জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করার পাশাপাশি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে জাতিকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল ঘাতকরা। জেলখানায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেও ঘাতকচক্র মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ভুলণ্ঠিত করতে পারেনি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতির জনকের আদর্শ বেঁচে থাকবে।’
পাবনা জেলা আওয়ামী লীগের নেতাদের মধ্যে রেজাউল রহিম লাল, চন্দন কুমার চক্রবর্তী, শহীদুল্লাহ, হামিদ মাস্টার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।
আরও পড়ুন- কারাগারের গায়ে তাদের রক্ত








