স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রোগীদের জিম্মি করে দাবি আদায় করা কখনও চিকিৎসকদের কাজ হতে পারে না। কালো ব্যাচ ধারণ করতে পারেন, প্রয়োজনে আমাকেও ঘেরাও করে রাখতে পারেন, তবুও চিকিৎসা বন্ধ করবেন না।’
শনিবার (১১ নভেম্বর) দুপুরে শহীদ ডা. মিলন হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
চিকিৎসকদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। আপনারাও রোগীকে এতো কম সময় দেবেন না। একটু বেশি সময় নিয়ে তাদের ভালো করে দেখুন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরপর দু’বার ক্ষমতায় আছেন বলেই গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় পাচ্ছে, খাবার ও চিকিৎসা পাচ্ছে। খবর বাসস।







