রোহিঙ্গা ইস্যুতে বাহরাইন সরকার বাংলাদেশকে সমর্থন করবে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান একথা জানিয়েছেন। ২৭-৩০ ডিসেম্বর বাহরাইন সফরকালে সেদেশের অর্থমন্ত্রী শেখ আহমেদ বিন মোহাম্মদ আলী খলিফা এবং বাহরাইনের শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি খালেদ এ আলমোইয়াদের সঙ্গে বৈঠককালে তারা এ কথা জানান।
বৈঠকে বাহরাইনের অর্থমন্ত্রী ও ব্যবসায়ী নেতারা রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চান।এ বিষয়ে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তাদেরকে অবহিত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ কথা জানানো হয়।
বাহরাইনের অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন,‘সরকারের যে কোনও পরিকল্পনা বা উদ্যোগ সময়োপযোগী হতে হবে। এর ওপর নির্ভর করে সেই উদ্যোগের সাফল্য বা ব্যর্থতা।বাংলাদেশ সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে সাফল্য অর্জন করতে পেরেছে।’
বৈঠকে বাংলাদেশ ও বাহরাইনের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। উভয় মন্ত্রী দু’দেশের সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র হিসেবে পর্যটন ও ওষুধ শিল্পখাতকে চিহ্নিত করেন। তারা অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বেসরকারিখাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে এম এ মান্নান বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে উল্লেখ করার মতো উন্নতি করেছে। তিনি বাহরাইনের অর্থমন্ত্রীকে বাংলাদেশ সফরের অনুরোধ জানান। খবর বাসস।







