রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ওয়াটার ডিস্পেন্সারের ভেতর থেকে স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। রবিবার রাত সাড়ে ১২টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আসা ভারতীয় নাগরিক সৌমিক দত্তের কাছ থেকে ৫ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের একটি দল গ্রিন চ্যানেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নেয়। সৌমিক দত্ত গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে তার কাছে থাকা ওয়াটার ডিস্পেন্সারের কম্প্রেসারের ভেতর থেকে ছোট ছোট বল আকৃতির (ডালের মতো দেখতে) প্রায় ৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। স্বর্ণের বলগুলো বিশেষ কায়দায় কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে ঝালাই করে দেওয়া ছিল। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।
অথেলো চৌধুরী জানান, এই আটকের ঘটনায় শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।








