এ বছর আউশ ধান উৎপাদন বাবদ ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার ২৪৫ টাকা প্রণোদনা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি জানান, এর মাধ্যমে মোট ২ লাখ ৩৭ হাজার ১৮২ জন কৃষক উপকৃত হবে। এ বছরের মার্চের শেষ দিকে প্রণোদনার এই অর্থ ছাড় করা হবে বলে জানান তিনি।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।
সংবাদ সাম্মেলনে কৃষিমন্ত্রী জানান, এ মৌসুমে মোট ২ লাখ ৩৭ হাজার ১৮২ বিঘা জমিতে আউশ ধান চাষ করা হবে। প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ সহায়তা দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘গত বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও আউশ ধান উৎপাদনে সেই ঘাটতি অনেকটা পুষিয়ে দিয়েছি। এ বছর ৫ লাখ মেট্রিক টন অতিরিক্ত আউশ ধান উৎপাদিত হয়েছে। হাওর অঞ্চলে আগাম বন্যা এবং পরে দেশের ৫৩ জেলায় বন্যার কারণে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে।’ এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা এক কোটি ৯০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চালের দাম কমছে না কেন— এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘২৬ টাকা দরে এক কাপ কফি খেতে পারলে কৃষক কেন লোকসান দিয়ে ধান উৎপাদন করে তা আপনার বাড়িতে পৌঁছে দেবে? কৃষকদেরকে কিছু পেতে দেন।’ এসময় তিনি বলেন, ‘চাল এখন শুধু মানুষই খায় না, চালের বহুমুখী ব্যবহার বেড়েছে। পাঙ্গাশ মাছ চাল খায়, কোরবানির গরুও চাল খায়।
সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মঈন উদ্দিন আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের সাক্ষাৎ
আবদুল হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত








