মিয়ানমারের নেত্রী ও শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে সত্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী ইয়েমেনের তাওয়াক্কুল কারমান। তিনি বলেন, ‘সত্য প্রকাশ করুন, না হলে বিচারের মুখোমুখি হতে হবে।’ বুধবার (২৮ ফেব্রুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইরানের শিরিন ইবাদি, ইয়েমেনের তাওয়াক্কুল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাকগুয়ের কক্সবাজার সফর করেন। সফর শেষে তিনজনই এক সংবাদ সম্মেলনে অংশ নেন। নারীপক্ষের আমন্ত্রণে তারা ঢাকায় আসেন।
কারমান বলেন, ‘আমি কথা বলতে পারছি না। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের যে কথা শুনেছি, এখানে এসে আমরা বুঝেছি, এটি তার চেয়েও ভয়াবহ। এটি একটি গণহত্যা।’ তিনি বলেন, ‘রাখাইনে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ আরও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। কিন্তু তারপরও কীভাবে বিশ্ব চুপ করে আছে। যা আমরা প্রত্যক্ষ করছি, সেটি মানবতার জন্য লজ্জাজনক।’
এই নোবেল জয়ী বলেন, ‘তাকে সত্য প্রকাশ করতে হবে, অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে। আমরা নোবেল জয়ী হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি, যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের সবাইকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।’








