নিরাপত্তা বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। একই সঙ্গে ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হবে শিগগিরই।’
রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালেয় সম্মেলন কক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন শাবি উপাচার্য।
ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার মর্মাহত। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।’
অধ্যাপক জাফর ইকবালের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, তিনি শঙ্কা ও ঝুঁকিমুক্ত রয়েছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসার জন্য পাচঁ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও শিক্ষার্থী ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে তার সর্ম্পকে খোঁজ-খবর নেওয়া হবে এবং শিক্ষকরা এক্ষেত্রে সহয়তা করতে পারেন।
প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) বিকালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন অধ্যাপক জাফর ইকবাল। প্রথমে তাকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ওই দিন রাতেই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। খবর বাসস।







