সরকারি কোষাগার থেকে বেতন ও অবসর ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার দাবিতে পঞ্চম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএপিএস)।
বুধবার সকাল ৯টা থেকে তারা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। ফলে ওই এলাকার রাস্তায় তীব্র যানজট দেখা দেয়। সংগঠনের সভাপতি আব্দুল আলিম মোল্লা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে থাকবেন।
তিনি বলেন, দেশে ৩২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার নিজস্ব তহবিল থেকে বেতন-ভাতা পান। কিন্তু অনেক পৌরসভা রয়েছে, যার নিজস্ব আয় নেই। ফলে এসব পৌরসভা নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারে না। সেজন্য সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার দাবি করছি।
সংগঠনের নেতারা বলেন, আমাদের অবস্থা এমন, চাকরি আছে বেতন নেই। সরকার যদি বেতন না দিতে পারে তাহলে আমাদের অব্যাহতি দিয়ে দিলে তো পারে। আমরা অন্ততপক্ষে অন্য কোথাও চাকরি করে পরিবার চালাতে পারবো। এখন খেয়ে না পরে আমরা দিন কাটাচ্ছি।
তারা আরও জানান, দেশের ৩২৭টি পৌরসভার মধ্যে ২২৬টির বেতন-ভাতা অনিয়মিত। নানা কারণে পৌরসভাগুলো নাগরিকদের সেবা দিয়ে নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে হিমশিম খায়।
তারা আরও জানান, ৩২৭টি পৌরসভায় সাড়ে ৩২ হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে ৭৬৯ জন কর্মকর্তা-কর্মচারী অবসরে যাওয়ার পরও এখন পর্যন্ত পেনশন পাননি। দেশের ইউনিয়ন পরিষদগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারের পক্ষ থেকে ৭৫ শতাংশ বেতন-ভাতা পরিশোধ করা হলেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি বরাদ্দ মাত্র দশমিক ৪ শতাংশ। সরকারকে এ বরাদ্দ বাড়াতে হবে।
এদিকে সড়ক বন্ধ করে বিক্ষোভ করায় পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সড়ক দিয়ে চলাচল করা যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা গেছে।








