তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘দেশের গণমাধ্যম সরকারের ত্রুটি-বিচ্যুতি নিয়ে যতটা সরব থাকে ঠিক সেভাবে ইতিবাচক দিকগুলো তুলে ধরুন।’ তিনি বলেন, ‘সমালোচনা করুন ঠিক আছে, তবে ইতিবাচক দিকগুলোও তুলে ধরতে হবে।’
বুধবার (১৮ এপ্রিল) বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে তথ্য অধিদফতর আয়োজিত ‘উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান তথ্য অফিসার কামরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
ইনু বলেন, ‘গণমাধ্যমের ইতিবাচক সমালোচনার ফলে সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমে যায়। পাশাপাশি সরকারের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরা হলে জনগণের আস্থা ও আত্মবিশ্বাস যেমন বাড়ে তেমনি তাদের মধ্যে অনুপ্রেরণার সৃষ্টি হয়। সরকারের সমালোচনার পাশাপাশি গণমুখী কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরাও গণমাধ্যমের দায়িত্ব।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে উত্তোরণের পর্য়ায়ে রয়েছে। শুধু স্বল্পোন্নত দেশ থেকেই নয়, সব ধরনের পশ্চাদপদতা থেকে উত্তোরণ ঘটিয়ে দেশের এই অগ্রযাত্রায় গণমাধ্যমকেও শরিক হওয়ার আহ্বান জানান তিনি। খবর বাসস।








