দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার (৯ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৩ লাখ ৯৫ হাজার ৬৪৯টি। এরমধ্যে দেওয়ানি মামলা ১৩ লাখ ৯০ হাজার ২০৯টি এবং ফৌজদারি মামলা ১৯ লাখ ১৮ হাজার ৫২৭টি। অন্যান্য (কনটেম্পট পিটিশন, রিট) মামলার সংখ্যা ৮৬ হাজার ৯১৩টি।
আইনমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা পাঁচ লাখ তিন হাজার ৫১২টি। এরমধ্যে আপিল বিভাগে বিচারাধীন মামলা ১৮ হাজার ২৪৬টি এবং হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা চার লাখ ৮৫ হাজার ২৬৬টি। অধস্তন আদালতে মোট বিচারাধীন মামলা ২৮ লাখ ৯২ হাজার ১৩৭টি।
মামলার জট কমাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আইন বিচার বিভাগ দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা কমিয়ে বিচার কাজ ত্বরান্বিত করতে বিচারকের সংখ্যা বাড়ানো ও এজলাস সংকট নিরসনে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। সরকারের বিশেষ উদ্যোগে বিভিন্ন পর্যায়ের বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে।’
এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচারপতি নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। তিনি যতটুকু জানেন, শিগগির আপিল বিভাগে নতুন বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতি চিন্তাভাবনা করছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।








