নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনকে দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। একইসঙ্গে ‘দি কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবদনে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে এয়ারলাইন্সটি। সোমবার (২৭ আগস্ট) বিকেলে এয়ারলাইন্সটির জেনারেল ম্যানেজার (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিকরিলেশন) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতি এ অনুরোধ করা হয়।
উল্লেখ্য, সোমবার নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’পত্রিকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই বছরের ১২ মার্চ বিএস-২১১ ফ্লাইট সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই প্রতিবেদনে বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের পাইলট আবিদ সুলতান মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে ছিলেন। ফ্লাইটে তিনি ককপিটে বসেই ধূমপান করছিলেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, নেপালের ‘দি কাঠমান্ডু পোস্ট’পত্রিকার প্রতিবেদনে ক্যাপ্টেন আবিদ সুলতান সম্পর্কে কিছু মনগড়া তথ্য দেওয়া হয়েছে, যা ভিত্তিহীন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী (আইকাও কর্তৃক প্রণোদিত) যেকোনও দুর্ঘটনা পরবর্তী পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ধরনের অসমর্থিত অভিমত প্রকাশ কোনও গণমাধ্যমের কাছেই কাম্য নয়। আইকাও-এর এনেক্স-১৩-এর নিয়মানুসারে নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহযোগিতায় এই বিষয়টি তদন্তাধীন আছে। একটি দুর্ঘটনা তদন্তাধীন অবস্থায় এই ধরনের একটি প্রতিবেদন অযাচিতভাবে এয়ারলাইন্স ও ক্রুদের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণকে আড়াল করার চেষ্টা করা হয়। এই প্রতিবেদনে প্রকাশিত কোনও তথ্যের ভিত্তি নেই।
প্রসঙ্গত, এই বছরের ১২ মার্চ দুপুরে কাঠমান্ডুতে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার ফ্লাইট বিএস-২১১। এতে ৬৭ জন যাত্রী মধ্যে ৫১ জনের মৃত্যু হয়, যাদের ২৭ জন ছিলেন বাংলাদেশি।








