রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নাগরিকদের সচেতন করতে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কর্মসূচি চলাকালে গানে গানে স্লোগান ও করণীয় বোঝানো হবে।
রবিবার রাজধানীর কাওরান বাজারে ডিএনসিসি’র আঞ্চলিক কার্যালয়ের সামনে থেকে এমন সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন প্যানেল মেয়র-৩ আলেয়া সারোয়ার ডেইজী।
সপ্তাহব্যাপী এই কর্মসূচি ছাড়াও নিয়মিত মশার নিধন ওষুধ ছিটানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা ডিএনসিসির পক্ষ থেকে বিশেষ এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের কাজ হবে গানে গানে জনগণকে সচেতন করা।’
আলেয়া সারোয়ার বলেন, ‘এই শহরের বেশিরভাগ মানুষই জানেন এডিস মশার বংশ বিস্তার ঘটে স্বচ্ছ জমে থাকা পানিতে। তারপরও কেউ হয়তো মানেন না বা সচেতন হন না। তাই আমরা নাগরিকদের সচেতন করতে ব্যতিক্রমধর্মী এই কর্মসূচি নিয়েছি। আমাদের প্রতিটি ওয়ার্ডে এই রোড শো হবে।’
সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি’র আঞ্চলিক অফিসের কর্মকর্তারা ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাররা উপস্থিত ছিলেন।







