বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে অনিয়মের কারণে ফলাফল বাতিল হওয়া ৯টি কেন্দ্রে আগামী ১৩ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
বাতিল হওয়া ৯ কেন্দ্রে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হবে। এসব কেন্দ্রের ভোট মেয়র পদের ফলাফলে কোনও প্রভাব ফেলবে না,একারণে ওই পদে ভোটগ্রহণ হবে না।
কেন্দ্রগুলো হলো— সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়-১, সরকারি মহিলা কলেজ, বরিশাল সিটি কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-১, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ-২, আর এম সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আ. রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বিএনপির মজিবর রহমান সারোয়ারসহ মোট ছয় জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের দিন অনিয়মের অভিযোগে সাদিক আবদুল্লাহ ছাড়া অন্য পাঁচ মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করেন।
নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ১৬টি কেন্দ্রের ভোট স্থগিত করে কমিশন। পরে ওইসব কেন্দ্রসহ বরিশাল সিটি নির্বাচনে অন্যান্য অনিয়ম তদন্তে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব খন্দকার মিজানুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ইসি। তদন্ত শেষে কমিটি সম্প্রতি তদন্ত প্রতিবেদন ইসিতে জমা দেয়।
তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের জানান, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রথম দফায় ৩০টি এবং দ্বিতীয়বারে ২৬টি মিলিয়ে ৫৬টি কেন্দ্রে তদন্ত করা হয়। এর মধ্যে ১৭টি কেন্দ্রে অভিযোগের প্রমাণ পেয়েছে কমিটি।








