স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৩৯তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশ নিতে রবিবার (১৪ অক্টোবর) জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
আইপিইউ ও সুইস পার্লামেন্টের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে।
এবার অ্যাসেম্বলির মূল প্রতিপাদ্য ‘শান্তি প্রতিষ্ঠায় সংসদে বিজ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়ন।’
এবারের অ্যাসেম্বলিতে বিভিন্ন দেশের ১৩০০ এর বেশি সংসদ সদস্য অংশ নিচ্ছেন। অ্যাসেম্বলিতে তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, মিথ্যা সংবাদ পরিবেশন বন্ধ, যৌন হয়রারি বন্ধ, মানিবাধিকার, নিরস্ত্রীকরণ, সন্ত্রাসবাদ প্রতিরোধ, টেকসই উন্নয়ন এবং অভিবাসন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১৭ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নিচ্ছেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন, হুইপ ইকবালুর রহিম , মো. আব্দুল কুদ্দুস , এ বি তাজুল ইসলাম , মমতাজ বেগম , মো. হাবিবে মিল্লাত ,কে.এইচ আজিজুল হক , আশেক উল্লাহ রফিক ,কামরুল লাইলা জলি , নাভানা আক্তার , মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী , শামীম হায়দার পাটোয়ারী , সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ও স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে আগামী ১৮ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।
সূত্র: বাসস








