বিএনপির নির্বাচনে আসার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘এখন নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই পুলিশ প্রশাসন ও মাঠ প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে বিএনপি।’ রবিবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক অনুষ্ঠানের তিনি এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি জানে তারা দুর্নীতিতে নিমজ্জিত একটি দল। তাদের নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। তারা ক্ষমতায় এলে তা যে দেশের জন্য মঙ্গলজনক কিছু হবে না, তা দেশের মানুষ বুঝে গেছে। এ কারণে বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানা অজুহাত খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু এতে তাদের কোনোই ফায়দা হবে না।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা অত্যন্ত উদার মন নিয়ে তাদের প্রায় সব দাবি মেনে নিয়েছেন। এখন তারা পালালেও আর কোনও ফায়দা হবে না।’
বিএনপি নির্বাচনকে বানচাল করতেই এই নির্বাচনে এসেছে মন্তব্য করে মেনন বলেন, ‘তারা পল্টনে সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। এখন পুলিশসহ দেশের প্রশাসনকে নিয়ে উসকানিমূলক কথাবার্তা বলছে। মূলত, বিএনপি নিজেরাই প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় এসেছিল বলেই প্রশাসনকে নিয়ে তাদের এত ভয়।’
ঢাকা ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামীলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য তৌহিদুর রহমান, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ রতন প্রমুখ।








