রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির দ্বিতীয় দিনে ৪৫ টি মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। দুপুর পর্যন্ত ৭৮টি আপিল আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত দেয় কমিশন।
এর আগে গতকাল বৃহস্পতিবার শুনানির প্রথম দিনে ১৬০টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে আবেদনের ক্রমিক নম্বর অনুযায়ী ১৬১ হতে শুনানি শুরু হয়। বিরতির পর দুপুর ৩টা থেকে আবার শুনানি শুরু হয়ে ৩১০ নম্বর আবেদন পর্যন্ত চলবে।
মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৫৪৩ জন আপিল করেছে।
গত ২ ডিসেম্বর রিটার্নিং অফিসাররা যাচাই-বাছাই শেষে বৈধ-অবৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পরদিন ৩ ডিসেম্বর (সোমবার) থেকে নির্বাচন কমিশন আপিল গ্রহণ শুরু করে। ৫ ডিসেম্বর ছিল আপিল গ্রহণের শেষ দিন। এরপর ৬ ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এগুলো যাচাইয়ের পরে ৭৮৬ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৭৯ জনে।
দেশের ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনয়নপত্র জমা দেওয়া দুই হাজার ৫৬৭ জন প্রার্থীর সংখ্যা মধ্যে বাতিল হয় ৪০২ জন। স্বতন্ত্র হিসেবে দাখিল করা ৪৯৮ জনের মধ্যে ৩৮৪ জন বাতিল হওয়ার পর বৈধ প্রার্থী রয়েছে ১১৪ জন।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২৬৪টি আসনে ২৮১ জন প্রার্থীর মধ্যে নৌকার বৈধ প্রার্থী ২৭৮ জন, বাতিল ৩ জন। বিএপির ২৯৫টি আসনে ধানের শীষে ৬৯৬ জন প্রার্থীর মধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা ৫৫৫ জন, বাতিল হয়েছে ১৪১ জন। জাতীয় পার্টি ২১০ আসনে ২৩৩ জন প্রার্থীর মধ্যে লাঙ্গল প্রতীকে বৈধ প্রার্থী ১৯৫ জন, বাতিল হয়েছে ৩৮ জন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল ও ২ ডিসেম্বর বাছাই। ৯ ডিসেম্বর প্রত্যাহার এবং ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।








