একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সেনা অফিসার পরিচয় দিয়ে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে মাঠে নেমেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ কথা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত সোমবার (২৪ ডিসেম্বর) থেকে দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদবির অফিসার পরিচয় দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ফোন দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলছে। বিনিময়ে তারা অর্থ চাইছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী এমন কয়েক ব্যক্তিকে গ্রেফতারও করেছে।
আইএসপিআর বলছে, ভবিষ্যতে এসব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তির এ ধরনের অনৈতিক কার্যকলাপ চালানোর সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে অনুরোধ জানানো হয়েছে।








