সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২০২০ সালের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের পুরো কাজ শেষ হবে। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ২০১৯ সালের ডিসেম্বরেই শেষ হবে।’ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেল নির্মাণ প্রকল্পের স্টিল স্ক্রু পাইল ড্রাইভিংয়ের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউটের সামনে এমআরটি লাইন ৬’র প্যাকেজ ৫’র উদ্বোধন করেন। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেট্রোরেলের ২৫০০ মিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। আগারগাঁও থেকে কাওরান বাজার পর্যন্ত ৩.১৯৫ কিলোমিটার ভায়াডাক্ট ও তিনটি স্টেশন নির্মাণের জন্য পরিসেবা স্থানান্তর ও চেকবোরিং সম্পন্ন হয়েছে। ১৯৭টি ট্রায়াল পিটের মধ্যে ৩৫টি ট্রায়াল পিট এবং ৪৫০টি বোরড পাইলের মধ্যে ৩টি বোরড পাইল সম্পন্ন হয়েছ।
এপ্রিলে মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রকল্পের সার্বিক (উত্তরা থেকে বাংলাদেশ ব্যাংক) গড় অগ্রগতি ২১.৫০ শতাংশ এবং প্রথম পর্যায় (উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত) ৩৫ শতাংশ।
প্রায় বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের পুরো কাজ হচ্ছে আটটি প্যাকেজে ভাগ করে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ প্যাকেজের আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পথে ভায়াডাক্ট ও ৯টি স্টেশন নির্মাণের কাজ চলেছে।’







