বাংলাদেশ মেধাশ্রম আইন ২০১৯ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (শ্রম) আহ্বায়ক ও একজন উপসচিবকে সদস্য সচিব করে রবিবার (৩১ মার্চ) এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে এই আইনের খসড়া তৈরি করে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনার পর তা চূড়ান্ত করা হবে বলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কমিটিকে পরবর্তী ছয় মাসের মধ্যে প্রস্তাবিত আইনের একটি খসড়া তৈরি করে তা শ্রম মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধির বিষয়ে বলা হয়েছে- কমিটির সদস্যরা অন্য দেশের (ভারত ও শ্রীলংকা) এই সংক্রান্ত আইনের কপি সংগ্রহ ও পর্যালোচনা করবেন। দেশে প্রচলিত সংশ্লিষ্ট অন্য আইন যেমন- ট্রেডমার্ক, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন, পেটেন্ট ও ডিজাইন আইন, কপিরাইট আইন, ডিজিটাল নিরাপত্তা আইন ইত্যাদি পর্যালোচনা করবেন। কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট কোনও সদস্যকে কো-অপ্ট করতে পারবেন।
কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর, বাংলাদেশ কপিরাইট অফিস, বেসিস, বিসিএস, বিটিসিএল, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের একজন করে প্রতিনিধি এবং শ্রম অধিফতরের মহাপরিচালক, ঢাকা, বিভাগীয়, শ্রম দফতরের পরিচালক এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম অ্যানালিস্টকে রাখা হয়েছে।








