নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘শেখ হাসিনা সরকার নারী ও শিশুবান্ধব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার কঠোর আইন করেছে। সে আইন বাস্তবায়ন করবো। আমি সবার সহযোগিতায় এ ধরনের নির্যাতন বন্ধ করতে চাই।’
রবিবার (১৪ জুলাই) মন্ত্রণালয়ের সচিবালয়ের নিজ দফতরে নতুন দায়িত্বভার গ্রহণ করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা এসব কথা বলেন। তিনি আজ সকালে নিজ দফতরে এসে পৌঁছালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার তাকে স্বাগত জানান।
নতুন প্রতিমন্ত্রী হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, ‘৭৫-এর পর মুন্সীগঞ্জ থেকে কেউ কোনোদিন মন্ত্রী হননি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে প্রথম মন্ত্রী বানিয়েছেন। বুঝতেই পারছেন মুন্সীগঞ্জের মানুষ কী পরিমাণ খুশি হয়েছে। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই।’
নারী ও শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে, সাংবাদিকদের এ মন্তব্যে দ্বিমত পোষণ করে ইন্দিরা বলেন, ‘নারী ও শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেনি। এ ধরনের নির্যাতন আগেও হয়েছে, তবে মানুষ তা জানতো না। আগে এত গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া ছিল না। এখন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া বেশি হওয়ায় মানুষ তা জানতে পারছে।’
তিনি বলেন, ‘আমি নারী, প্রধানমন্ত্রী নারী, আমার মন্ত্রণালয়ের সচিবও নারী। আগে নারীরা সামনে আসতো না। এখন সামনে আসছে, বলার সাহস পাচ্ছে। প্রধানমন্ত্রী যেভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইন করেছে, তা যথাযথ প্রয়োগ এবং বাস্তবায়ন হলে নারী ও শিশু নির্যাতন কমে আসবে।’








