চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সম্প্রতি কাওরান বাজারে চাঁদাবাজির কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে। আমি স্পষ্ট করে বলছি, চাঁদাবাজি করলে কাওরান বাজার ছেড়ে চলে যান।’
রবিবার (৪ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী সচেতনতামূলক সভা এবং পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আগে প্রতিমাসে কাওরান বাজারে একটা করে খুন হতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা বন্ধ হয়েছে। চাঁদাবাজিও বন্ধ করেছি। তবে সম্প্রতি কিছু চাঁদাবাজ সক্রিয় হয়েছে। কাওরান বাজারে মাস্তানি-চাঁদাবাজদের কোনও ঠাঁই নেই। এখানে যারা চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
মোহনা টিভির নিখোঁজ সিনিয়র সাংবাদিককে উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিএমপির গুলশান বিভাগের ডিসি মোস্তাক আহমেদকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে দ্রুত খুঁজে বের করতে। আশা করছি দ্রুতই আমরা তাকে খুঁজে পাবো।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার পলিথিনের ব্যাপারে কঠোর। পলিথিনবিরোধী আইন করা হয়েছে। কিন্তু কেউ আইন মানছেন না। আমরা এখন কঠোর হবো।’
বুড়িগঙ্গা নদীতে ৬৭ ফুট পলিথিনের গার্বেজ রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে এক্সপার্ট আনা হচ্ছে। তবু বুড়িগঙ্গা নদী পুরোপুরি পরিবেশবান্ধব করতে পারছি না আমরা। ক্যানসার, কিডনি রোগী কেন বাড়ছে? এসবের মূল কারণ পলিথিন। মাছের ভেতরে পলিথিন ঢুকে গেছে। সমুদ্রের তিমি মাছ যখন ধরা পড়ে কিংবা উপকূলে চলে আসে তখন দেখা যায় পেটে পলিথিন আর পলিথিন।’
তিনি বলেন, ‘রাজধানীর ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, পানি নিষ্কাশন করা যাচ্ছে না। পলিথিনের কারণে নগরীর গার্বেজ অপসারণ করা যাচ্ছে না।’ এ জন্য পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।








