ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তির দায় স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মন্ত্রী হিসেবে এর দায় এড়ানো যায় না।’
রবিবার (১১ আগস্ট) সায়েদাবাদ টার্মিনালের জনপথ মোড়ে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়টি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘টাঙ্গাইলের একটি জায়গায় শুধু যাত্রীদের ভোগান্তি হচ্ছে। এছাড়া, সব জায়গায় স্বস্তিদায়কভাবে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে এই যানজটের দায় আমার ওপরে চাপে। টাঙ্গাইল বাইপাস সড়কে যানজট থাকলেও পুরো দেশের চিত্র এক নয়। দুপুরের পর এই অবস্থার উন্নতি হবে।’
মন্ত্রী বলেন, ‘চালকদের রং সাইডে গাড়ি নিয়ে প্রবেশ এবং পশুবাহী গাড়ি আসার কারণে কোথাও কোথাও যানজটের সমস্যা হচ্ছে। যানজট কী কারণে হচ্ছে, সেটা সবাইকে বুঝতে হবে। রাস্তা চার লেনের, কিন্তু সেতু দুই লেনের, তখনই সমস্যাটা হয়। রংপুর পর্যন্ত চার লেনের পরিকল্পনা আছে, সেটা হয়ে গেলে এ সমস্যা হবে না। আর নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বিঘ্ন হচ্ছে। ফলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। একসঙ্গে অনেক মানুষ যাত্রা শুরু করেন, এই চাপ হাইওয়ে পুলিশের পক্ষে সামলানো সম্ভব নয়। তবে চেষ্টা চলছে পরিস্থিতি উন্নত করার।’
ঈদযাত্রায় বিভিন্ন পরিবহনে অতিরিক্ত ভাড়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সায়েদাবাদে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এ অভিযোগে অনেক পরিবহনকে জরিমানা করা হয়েছে।’
ফরিদপুরে আওয়ামী লীগের কয়েকজনকে গুলি করে হত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘বড় দল, তাই নানা ঘটনা ঘটতে পারে। কিন্তু যারা অপরাধী প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, অপরাধী যেই হোক,অপরাধের শাস্তি পেতেই হবে।’








