কোথাও গুঁড়ি গুঁড়ি, কোথাও হালকা। দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আগামীকাল শুক্রবারও এ অবস্থা চলতে পারে। আবহাওয়া অধিদফতর আরও বলছে, আপাতত তাপমাত্রা বাড়লেও মেঘ কেটে গেলে পুনরায় তা নেমে যেতে পারে। সেই সঙ্গে আগামী সপ্তাহে আসতে পারে শৈত্যপ্রবাহ।
আবহাওয়াবিদ আব্দুল বলেন, ‘আজকের মতো আগামীকাল শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। তবে বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির পরিমাণ হবে খুবই সামান্য। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, আকাশ মেঘলা থাকায় এখন তাপমাত্রা বেশিই আছে। তবে মেঘলাভাব কেটে গেলে তাপমাত্রা কমে যাবে। আগামী সপ্তাহে একটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথাও জানান তিনি।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এছাড়া টেকনাফে ৭, রাজারহাটে ৫, রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরে ৪ মিলিমিটার করে, হাতিয়া ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুতুবদিয়া, সিলেট, রাজশাহী, পটূয়াখালি ও খেপুপাড়ায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৯ দশমিক ৪, সিলেটে ১৬, রাজশাহীতে ১৪ দশমিক ৫, রংপুরে ১৫ দশমিক ৪, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।








