জনগণের সেবাপ্রাপ্তি নিশ্চিতে মন্ত্রণালয়ের কাজ আরও গতিশীল করতে কর্মকর্তাদের দ্রুত ফাইল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, ‘কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে হবে।’
সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল-বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় নিজ মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন অধিদফতরের কর্মকর্তাদের এ নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘শুদ্ধ আচরণই শুদ্ধাচার, শুদ্ধাচার বর্তমান সরকারের দূরদর্শিতা।’ তিনি কর্মকর্তাদের কর্মচারী আচরণ বিধিমালা যথাযথ পালন এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখার তাগিদ দেন।
মন্নুজান সুফিয়ান বলেন, ‘আমাদের সন্তানদের শুদ্ধাচারের মধ্যে দিয়ে গড়ে তুলতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। একইসঙ্গে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ ডিজিটাল বাংলদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।’ জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নের ফলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের মাঝে পৌঁছে যাবে বলে তিনি আশা করেন।
কর্মশালায় মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, ড. মো. রেজাউল হক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শিবনাথ রায় এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমানসহ মন্ত্রণালয় এবং এর অধীন দফতরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরে প্রতিমন্ত্রী তিন দিনব্যাপী জাতীয় শুদ্ধাচার কৌশল-বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন।








