মিথ্যা তথ্য দিয়ে দুবার ভোটার হয়ে দুটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় জেকেজি হেলথ কেয়ারের সাবেক চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ব্যবস্থা নিতে ইসির সংশ্লিষ্ট থানা কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতির মামলায় গ্রেফতার সাবরিনার দুটি জাতীয় পরিচয়পত্র পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুটিতেই তার নাম সাবরিনা শারমিন হোসেন। তবে ঠিকানা ও জন্ম তারিখ ভিন্ন। বিষয়টি দুদকের পক্ষ থেকে ইসিকে জানানো হয়। এরপর গতকাল ইসি বিষয়টি খতিয়ে দেখে মামলা করা এবং এই প্রক্রিয়ার সঙ্গে নিজেদের কোনও কর্মকর্তা জড়িত কিনা, সেটা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
ভোটার তালিকা আইন ও জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দ্বৈত ভোটার হওয়া বা ভোটার হওয়ার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। এতে জেল-জরিমানার বিধান আছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ১৪ ও ১৫ ধারা অনুযায়ী সাবরিনার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে গুলশান থানা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।








