প্রয়াত দেশের দীর্ঘমেয়াদি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অসমাপ্ত কাজ শেষ করার অভিপ্রায় প্রকাশ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতির আদেশে নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনের কাছে তিনি এই অভিপ্রায় প্রকাশ করেন।
প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে এ এম আমিন উদ্দিন বলেন, ‘সেভাবে আসলে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। তবে সরকার আমার ওপর যে আস্থা রেখেছে, আমি চেষ্টা করবো তার উত্তম প্রতিদান দেওয়ার। এছাড়াও প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম স্যার যেভাবে কাজ করে গেছেন, সেই আলোকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার চেষ্টা করবো। এ জন্য আমি সবার দোয়া চাই।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পর আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করতে যাবেন। পরে আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন বলে তিনি জানিয়েছেন।
প্রসঙ্গত, আমিন উদ্দিন ১৯৮৯ সালের ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবী হিসেবে তিনি তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করে দায়িত্ব পালন করে আসছিলেন সরকার সমর্থিত দলের প্রার্থী (সাদা প্যানেল) সিনিয়র অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। তবে এর আগেও সমিতির ২০১৯-২০ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী।








