ক্রীড়া সামগ্রী আমদানিতে শুল্ক চায় না সংসদীয় কমিটি। খেলাধুলার মানোন্নয়নে এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিটি।
বুধবার (৩১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সদস্য মাহবুব আরা বেগম গিনি, আব্দুস সালাম মূর্শেদী, জুয়েল আরেং, এ. এম. নাঈমুর রহমান এবং জাকিয়া তাবাসসুম বৈঠকে অংশ নেন।
বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী উপজেলায় যুব প্রশিক্ষণ ও বিনোদন কেন্দ্র নির্মাণের সুপারিশও করা হয়।
বৈঠকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট-এর পরিকল্পনা বাস্তবায়ন এবং অবকাঠামো নির্মাণের জন্য উক্ত প্রতিষ্ঠান সংলগ্ন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জমি জরুরি ভিত্তিতে হস্তান্তর করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।









