জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ভোররাতে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন হাসিবুর রহমান স্বপন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
উল্লেখ্য, ১৯৯৬, ২০১৪ এবং ২০১৮ সালের সংসদ নির্বাচনে সর্বমোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন। সপ্তম জাতীয় সংসদে তিনি শিল্প উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদে তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ ছাড়া, একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাসিবুর রহমান স্বপন এমপি'র মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।








