রাজধানীর মোহাম্মদপুর থানার বরখাস্ত হওয়া উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলার রাব্বীর অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসআই মাসুদ অপরাধী, তাকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা উচিত বলেও পর্যবেক্ষণে জানিয়েছেন সর্বোচ্চ আদালত। আজ সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসাথে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তাকে আটক ও নির্যাতনের ঘটনা কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চে এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে রবিবার নির্যাতনের ঘটনায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেন ঘটনার দিন রাব্বীকে উদ্ধারকারী তার বন্ধু সাংবাদিক জাহিদ হাসান এবং দুই আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও এস এম জুলফিকার আলী জুনু।
রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, তেজগাঁও জোনের উপ-কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোহাম্মদপুর থানার এসআই মাসুদ সিকদার ও জাতীয় মানবাধিকার কমিশনকে।
গত ৯ জানুয়ারি রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করেন মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদ শিকদারসহ কয়েকজন পুলিশ সদস্য। ইয়াবা ব্যবসায়ী-সেবনকারী বানানোর ভয় দেখিয়ে পাঁচ লাখ টাকা আদায়ের চেষ্টা করেন তারা। এরপর রাত ৩টা পর্যন্ত তাকে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান এবং মারধর করেন। এমনকি তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেন।
/ইউআই/এফএস/








