উপচে পড়ছে ডাস্টবিন, পরিষ্কার জায়গায় চলছে পরিচ্ছন্নতা অভিযান

উদিসা ইসলাম
২৩ জানুয়ারি ২০১৬, ১৬:৪৭আপডেট : ২৩ জানুয়ারি ২০১৬, ১৭:৪২

পরিচ্ছন্ন অভিযান রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় উপচে পড়ছে ডাস্টবিন। সারাদিনই বিভিন্ন  সময়ে পাড়ামহল্লা থেকে ছোট-ছোট গাড়ি এসে প্রধান সড়কের ডাস্টবিনে ফেললেও সেখান থেকে সরানো হচ্ছে না এসব আবর্জনা। নাগরিকদের অভিযোগ, এসব ডাস্টবিন উপচে পড়লেও সেদিকে নজর না দিয়ে, পরিষ্কার জায়গায় চলছে সিটির পরিচ্ছন্নতা অভিযান। এদিকে,  ভ্যানগাড়িতে করে যারা বাসা থেকে ময়লা নিয়ে আসেন, তারা বলছেন, দিনের একটা সময়ে ময়লা নিয়ে যাই। আর ঘনবসতি হওয়ায় ময়লা নিয়ে এসে আমরা প্রায় সারাদিনই এসব ডাস্টবিনে সেই আবর্জনা ফেলতে বাধ্য হই। পরিবেশবাদীরা বলছেন, আবর্জনা যথাস্থানে ফেলা ও  পরিষ্কার করা এবং পরিচ্ছন্নতা অভিযানের মধ্যে সমন্বয়হীনতার কারণেই সবসময়ই ডাস্টবিন উপচে পড়ছে।

৬০ ফিটের রাস্তায় শুক্রবার বিকেল ৩.৩০ মিনিটের ছবি

এদিকে, পুরো ঢাকা শহরের প্রধান সড়ককে ডাস্টবিন বানিয়ে পরিচ্ছন্ন স্থানগুলোয় পরিচ্ছন্ন সচেতনতা অভিযান করছে সিটি করপোরেশন।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর শ্যামলী, আগারগাঁও, মিরপুর১, মিরপুর২, মিরপুর৬, রূপনগর, পুরান ঢাকার মাজেদ সরদার সড়ক, বাবুবাজার, হানিফ ফ্লাইওভার মোড়ের ২১টি স্থানে উন্মুক্ত উপচে পড়া ডাস্টবিন নজরে আসে।

৬০ ফিট নামে মিরপুর ২ থেকে আগারগাঁও লিঙ্করোডে ৫টি জায়গায় এলোমেলোভাবে থাকায় যানজট নিরসনে তৈরি এ রাস্তায় থেমে থেমে গাড়ি চলছে। আগারগাঁওয়ের তালতলা মোড়ে সড়কের অর্ধেকের বেশি জায়গাজুড়ে ময়লার কনটেইনার। দুর্গন্ধের কারণে গাড়ির অপেক্ষায় দাঁড়ানো যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে তাদের খাবারে অনীহা, বমিসহ বেশকিছু অসুখ দেখা দিতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মিরপুর ৬০ফিট রাস্তায় পীরেরবাগ এলাকায় বিকেল চারটের ছবি

এসব জায়গা ছাড়াও চিড়িয়াখানা রোডের প্রবেশমুখে, মিরপুর-১ নম্বর ঈদগাহ মাঠের সামনে, রাইনখোলা বাসস্ট্যান্ড, মিরপুর-২ নম্বরে অবস্থিত বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের মূল ফটকের সামনে, মিরপুর-৬ নম্বর ঈদগাহ মাঠের সামনে, মিরপুর-১০ নম্বর ফলপট্টির পাশের মূল সড়কের ওপর ফেলা হচ্ছে ময়লা।

এদিকে, গত জুনে ছয়মাসের মধ্যে রাস্তা থেকে এগুলো সরে যাবে ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এর কোনও লক্ষণ দেখা না যাওয়ায় আপাতত ভোগান্তি কমছে না। পুরান ঢাকার মাজেদ সড়কের এক কিলোমিটারের মধ্যে এমন কনটেইনার এবং কনটেইনারের বাইরে ময়লা ফেলার ৫টিরও বেশি স্থান রয়েছে। সবকটি প্রধান সড়কে আবর্জনার কন্টেইনার এলোমেলোভাবে রাখার কারণে একদিকে দুর্গন্ধের ভোগান্তি আরেকটিকে একটি করে গাড়ি চলার জায়গা থাকায় বাধছে যানজট। 

সম্প্রতি ঢাকা পরিচ্ছন্ন করার উদ্যোগ হিসেবে বাসার ময়লা রাতে ডাস্টবিনে ফেলতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। এ নিয়ে কথা বলতে গেলে মোহম্মদপুর তাজমহল রোডনিবাসী ব্যবসায়ী আমিনুল হক বলেন, বাসাবাড়ি থেকে ময়লা  ভ্যানের লোক এসে নিয়ে যায়। তারা কখন আসবে আর কখন ফেলবে, সেটার সমন্বয় না করে আমাদের উদ্দেশে কিছু বলে কী লাভ, বুঝতে পারছি না। তিনি বলেন, মানুষ অসচেতন সেটা ঠিক আছে, কিন্তু এত মানুষের আবর্জনা কিভাবে ব্যবস্থাপনা করবে, তার একটা মাস্টার প্ল্যানতো থাকা লাগবে। ২০১৬ এর ঢাকা পরিচ্ছন্ন নগরী হোক সে স্বপ্ন আমাদেরও কিন্তু ভালো-ভালো কথা বলে কোন পরিকল্পনা বাস্তবায়ন হতে না দেখলে হতাশ লাগে।

মিরপুর ৬ নম্বরে ঈদগাহের সামনে শুক্রবার বিকেল সাড়ে চারটার ছবি

এদিকে নগরজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানের বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশন (দক্ষিণ) মেয়র সাঈদ খোকন বলেন, পরিচ্ছন্ন নগরী পেতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কাজটা শুরু হয়েছে, আমাদের একটু সময় দিতে হবে। আপনারা বিষয়গুলো নজরে এনে আমাদের সুবিধা করে দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, বেশকিছু জটিলতা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে সেগুলো একে একে সমাধান হচ্ছে।

উল্লেখ্য, সিটি করপোরেশনের তথ্যানুযায়ী রাজধানীতে দুই সিটি করপোরেশনের অধীনে ডাস্টবিন রয়েছে ৬শ’র ওপরে আর কনটেইনার আছে পাঁচ শতাধিক। এছাড়া, ব্যক্তিগত ডাস্টবিনের সংখ্যা দুই শতাধিক। এসবের অধিকাংশই রাখা কোনও না কোনও সড়কের ওপর।

এই বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের আব্দুস সোবহানকে জানানো হলে তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব নিয়ে কথা বলে দৃশ্যত কোনও পরিবর্তন দেখতে পাইনি। দুই মেয়রের কাজের আগ্রহ দেখে উৎসাহিত হয়েছি কিন্তু পরিবর্তন দেখা না গেলে সেটা হতাশাজনক হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশন সবসময়ই লোকবল, যানবাহনের অজুহাত দিয়ে থাকে। সেটা এবার আর তারা বলবেন না এই প্রত্যাশা রইল।

ছবি: প্রতিবেদক

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি