বিদেশিদের সঙ্গে বিএনপির সাম্প্রতিক বৈঠকের বিষয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিদেশি বা আমাদের উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিএনপি মতবিনিময় করতেই পারে। তবে ক্ষমতায় যেতে হলে বিএনপিকে দেশের জনগণের কাছে যেতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় আসতে হবে। যুক্তরাষ্ট্র বা বিদেশি শক্তি যত বড় ক্ষমতাধরই হোক না কেন, বাংলাদেশের নির্বাচনে তারা কোনও ভূমিকা রাখতে পারবে না।’
বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে কৃষি খাতে সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) নিয়ে পর্যালোচনা সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংস্থা প্রধান এবং কৃষি-শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি মনে করে বিদেশিদের সঙ্গে আলোচনা করে আন্দোলনের ক্ষেত্র তৈরি করবে, সেটা কোনোদিনই সফল হবে না।’
পৃথিবীর কোনও দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই, বাংলাদেশেও আর কোনও দিন তত্ত্বাবধায়ক সরকার আসবে না বলে এ সময় জানান মন্ত্রী।
বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রেরও কিছু করার নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, তাদের দেশে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় না। বাংলাদেশেও তা হবে না।








