জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী বাংলাদেশ পরিকল্পনা গবেষণা সম্মেলন। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনটি চলবে শনিবার পর্যন্ত।
শুক্রবার সকাল পৌনে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন সেন্টার ফর আরবান স্টাডিজের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল বলেন, ‘নগরায়ন বিশ্বব্যাপী জনপ্রিয় এবং অর্ধেকের বেশি মানুষ এখন শহরে বাস করছে। বাংলাদেশে নগরায়ন এত দ্রুত হয়েছে যে এটি এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে নানামুখী সমস্যাও যুক্ত হয়েছে। বাংলাদেশে সরকার সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় (২০১৬-২০২০) নগরায়নকে বিশেষ গুরুত্ব দিয়েছে।’
তিনি বলেন, ‘উন্নয়নশীল দক্ষিণ এশিয়ায় দ্রুত নগরায়নের কারণে পরিকল্পিত উন্নয়নের ব্যাপারটি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। উন্নত জীবন ও টেকসই সমাজ গড়ার জন্য এটিই প্রধান শর্ত।’
সম্মেলনে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সম্মেলনের আহ্বায়ক এম. শফিক-উর রহমান।
সম্মেলনে মোট ১০টি সেশনে ৪২টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন দেশি-বিদেশি গবেষকরা।
/এসএম/








