রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনের ষষ্ঠতলা থেকে সদ্যজাত সন্তানকে ফেলে দেওয়া সেই মা বিউটি আক্তার ভগ্নিপতি নীরবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) মামলাটি করেছেন বিউটি।
মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ওই কিশোরী মা তার ভগ্নিপতি নীরবের বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শিশুটির মাকে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটে আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা ধীরেধীরে উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে সে এখনও আশঙ্কার মধ্যে রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে রমনার বেইলি রোডের ২৬ নম্বর প্রপার্টিজ ম্যানশনের ছয়তলার বি-৫ ফ্ল্যাটের কার্নিশ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটের বাসিন্দা প্রকৌশলী আজমল হক ও ফিরোজা হক দম্পতির বাসায় কাজ করতেন বিউটি আক্তার (১৭)।
ঘটনার পর তিনি জানিয়েছিলেন, গতবছর বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভগ্নিপতির কর্তৃক তিনি ধর্ষণের শিকার হন।
/এআরআর/এসটি/







