কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের কারণে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের প্রধান কার্যালয় ও ঢাকার বাইরের সব আঞ্চলিক কার্যালয় রবিবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুর দু’টায় এই ছুটি ঘোষণা করা হয়।
বাংলালিংকের জনসংযোগ বিভাগের সহকারি ব্যবস্থাপক অংকিত সুরেকা বাংলা ট্রিবিউনকে জানান, শুধু রবিবারের জন্য কার্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু গ্রাহক সেবা কেন্দ্র ও কলসেন্টারগুলো খোলা থাকবে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালিংক কর্তৃপক্ষ তাদের অবস্থান ব্যাখ্যা করবে।
বাংলালিংকের প্রধান কার্যালয়ের একজন কর্মী প্রকৌশলী শরিফুল ইসলামের ছাঁটাইকে কেন্দ্র করে সম্প্রতি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা বৃহষ্পতিবার রাতে কার্যালয়ের সামনে অবস্থান নেন। ওইদিন প্রায় ৯ ঘন্টা কোম্পানির প্রধান টেকনিক্যাল কর্মকর্তা পিরিহেনি এলহামিকে আটকে রাখেন তারা।
শরিফুল ইসলামের চাকুরি চ্যূতির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়ে সেদিন তিনি কার্যালয় থেকে বের হন। ওই ঘটনার পর থেকেই বাংলালিংক কর্তৃপক্ষের সঙ্গে কর্মচারী ইউনিয়নের বিরোধ শুরু হয়। ওই পরিস্থিতি সামাল দিতেই রবিবার প্রধান কার্যালয়সহ সারাদেশের আঞ্চলিক কার্যালয়গুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা জানান, রবিবার অফিস শুরুর আগে কর্মচারী ইউনিয়নের প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হলে কর্তৃপক্ষ অফিস শুরুর সময় সকাল সাড়ে ৯টা থেকে এক ঘন্টা এগিয়ে আনে। এরই মধ্যে দুপুরে বাংলালিংক এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পাওয়ার অ্যাসিসট্যান্ট ম্যানেজার মো. মোস্তাককে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
জেইউ/এইচএএইচ/এপিএইচ/








