
পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বুড়িগঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির মাধ্যমে পানি দূষণমুক্ত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রবিবার সংসদে সরকারি এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীন ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার (নিউ ধলেশ্বরী-পুংলী-বংশী-তুরাগ-বুড়িগঙ্গা রিভার সিস্টেম)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি বলেন, ওই প্রকল্পের দ্বারা নিউ ধলেশ্বরী-পুংলী-বংশী-তুরাগ-বুড়িগঙ্গা নদী খননের মাধ্যমে যমুনা নদী থেকে পানি এনে বুড়িগঙ্গা নদীসহ ঢাকা মহানগরীর চারপাশের প্রবাহমান নদীগুলোতে শুষ্ক মৌসুমে পানি প্রবাহ বৃদ্ধির মাধ্যমে পানির গুণগতমান বৃদ্ধি ও পানি দূষণমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, প্রকল্পটি শেষ হলে বুড়িগঙ্গা-তুরাগ (শীতলক্ষ্যা নদীসহ) নদীতে নৌযান চলাচলের জন্য নাব্যতা বৃদ্ধি সেচ ও মৎস্য সম্পদের উন্নয়ন হবে। সামগ্রিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন সাধিত হবে।

পানি সম্পদ মন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষাসহ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও চায়না যৌথ সংস্থা ‘এভিআইসি-ইএনজি অ্যান্ড সিএইচডব্লিউই’র সঙ্গে ‘এমওইউ’ সই হয়েছে।
তিনি বলেন, যৌথ সংস্থার প্রস্তাবের আলোকে চীন সরকারের আর্থিক সহায়তার লক্ষ্যে ‘পিডিপিপি’ প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীর পানির স্বচ্ছতা বৃদ্ধিসহ নদীগুলোয় সারা বছর পানির প্রবাহমান থাকবে। এছাড়া পানির গুণগত মান বৃদ্ধি পাওয়াসহ পানি দূষণমুক্ত হবে।
এ প্রকল্পের মোট ব্যয় ৯৪৪ দশমিক ৯ কোটি টাকা ও ২০১৭ সালের জুনে সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও তিনি জানান। খবর বাসস।
/এসটি/








