রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই দিনের সফরে আজ সোমবার সুন্দরবন যাচ্ছেন। সুন্দরবন ছাড়াও তিনি পায়রা বন্দর ও কুয়াকাটা সফর করবেন।
সোমবার সকালে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরন পয়েন্টে যাবেন রাষ্ট্রপতি। সেখানে তিনি এই বনের বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি বিকাল ৪টা পর্যন্ত সুন্দরবনে অবস্থান করবেন। এরপর হেলিকপ্টারে করে পটুয়াখালীর পায়রা বন্দরে যাবেন। পায়রা বন্দর পরিদর্শন শেষে কুয়াকাটায় যাবেন। সেখানকার পর্যটন এলাকাগুলো পরিদর্শন করবেন এবং রাতে কুয়াকাটায় পর্যটন হলিডে কমপ্লেক্সে থাকবেন। পরে আগামীকাল মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি ঢাকা ফিরে আসবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে ৩০ জন সফরসঙ্গী থাকবেন বলে রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান এক ফ্যাক্স বার্তায় জানিয়েছেন।
/এসটি/








