ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাওলি নিনিসতোর কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত মেহদি হাসান। বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট প্রাসাদে অনাবাসিক রাষ্ট্রদূত ওই পরিচয়পত্র পেশ করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ফিনল্যান্ডের প্রেসিডেন্টের কাছে।
দুই দেশের মধ্যে সহযোগিতার খাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, সম্ভাব্য শ্রমবাজার, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, আইটিসহ সম্পর্কে রাষ্ট্রদূত প্রেসিডেন্টকে অবহিত করেন।
রাষ্ট্রদূত প্রেসিডেন্ট সাওলি নিনিসতোকে রোহিঙ্গা বিষয়েও অবহিত করেন এবং ফিনল্যান্ডকে এ বিষয়ে অর্থবহ পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেন।








