এপ্রিল থেকে কোনও কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শিল্পমন্ত্রী বলেন, ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের জন্য আমি যে আল্টিমেটাম দিয়েছি সে অনুযায়ী কাজ চলছে। মার্চ মাসের ভেতরে আমরা সাভারে বেশকিছু ট্যানারি চালু করতে পারবো। এপ্রিল মাসের দিকে সেখানে পুরোদমে কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এপ্রিল মাস থেকে হাজারীবাগে যাতে কোনও কাঁচা চামড়া ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হবে।
এর আগে গত ১০ জানুয়ারি শিল্পমন্ত্রী তার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে ট্যানারি শিল্প ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে সরিয়ে নিতে আল্টিমেটাম দেন। পরে অবশ্য ট্যানারি মালিকদের দাবির প্রেক্ষিতে কয়েক দফায় সময় বাড়িয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
|/ইএইচএস/এফএস/







