প্রায় এক দশক আগে ময়মনিসংহে সিরিজ বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম এ আদেশ দেন।
আজীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, কাউসার আলম সুমন, ইউনুস ভূঁইয়া, মেহেদি হাসান ও আশরাফুল আলম। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাস কারাদণ্ডেরও আদেশ দিয়েছেন আদালত। সিরিজ বোমা হামলা মামলার বাকি ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
২০০৫ সালের ১৭ অগাস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবি। দেশের প্রায় ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা। ওই দিন ময়মনসিংহের আদালত প্রাঙ্গণ, আইনজীবী সমিতির কার্যালয়, প্রেসক্লাব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বোমার বিস্ফোরণ হয়।
কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় কোতোয়ালি থানার এস আই সজীব দত্ত মামলা করেন। জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাই ও সালাউদ্দিন ওরফে সালেহীনকেও মামলার এজাহারে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০০৬ সালের ২২ জুলাই মোট ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলার রায়ে ২০০৭ সালে শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হলে ময়মনসিংহের এ মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়।
/টিএইচ/এআর/এফএস/








